রিয়ালেই যোগ দেবেন এমবাপ্পে, জানালেন লা লিগা প্রেসিডেন্ট

কিলিয়ান এমবাপ্পে। ছবি : এক্স

কিলিয়ান এমবাপ্পের টানা পাঁচ। আবারও ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফরাসি তারকা। প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) পুরস্কার অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এ নিয়ে টানা পঞ্চমবার পুরস্কারটি জিতলেন ২৫ বছর বয়সী এমবাপ্পে!

মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়ে সাতটি বসন্ত কাটিয়ে চলতি মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক।

দুই দিন আগেই প্যারিস ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু কোথায় নতুন আবাস গড়বেন তা অবশ্য বলেননি তিনি। তবে মিডিয়ার গুঞ্জন, তার নতুন বসতি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেতে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে তেবাস বলেন, ‘আগামী মৌসুমে সে মাদ্রিদের খেলোয়াড়, হ্যাঁ। তারা যদি পাঁচ বছরের জন্য চুক্তি করে তাহলে সে পাঁচটা মৌসুম সুযোগ পাবে (চ্যাম্পিয়নস লিগ জয়ের)।’  লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিনস লিগের ফাইনালেও খেলবে লস ব্লাংকোসরা।

আগামী ১ জুনের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

রিয়ালে আক্রমণভাগে নতুন সতীর্থ হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহামকে পাবেন এমবাপ্পে। তাকে নিয়ে আরো শক্তিশালী হবে মাদ্রিদের ক্লাবটি। তবে তারকার হাট বসালেই যে শিরোপা নিশ্চিত নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন তেবাস, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে। তবে ভিনিসিয়ুস ও বেলিংহামও আছে ওখানে।

দুর্দান্ত দল হবে রিয়াল। তবে তাতেই যে লিগ জেতা যাবে, তার নিশ্চয়তা নেই।’  

২০১৭ সালে পার্ক দ্য প্রিন্সেসে বসত গেড়ে সাতটি বসন্ত কাটিয়ে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে ছয়বার ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছেন; কিন্তু একবারও জিততে পারেননি চ্যাম্পিয়নস লিগ। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে জেরে গিয়েছিল এমবাপ্পের পিএসজি। ওই অতৃপ্তি ঘোচানোর স্বপ্ন বুকে লালন করেই তিনি পাড়ি জমাতে যাচ্ছেন মাদ্রিদে। এএফপি

LEAVE A REPLY