অমিত শাহ
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিজেপি কোনো প্রার্থী না দিলেও সেখানে ঝটিকা সফর করেছেন দেশটির কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর এই সফর রাজনৈতিক নয় বলে গতকাল শুক্রবার জানিয়েছেন বিজেপির জম্মু ও কাশ্মীর শাখার সাধারণ সম্পাদক সুনীল শর্মা।
তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটপর্বের মধ্যে এই সফরে কোনো প্রচারে অংশ নেননি অমিত শাহ। শ্রীরামপুরে বিজেপির জনসভায় গত বুধবার অমিত শাহ বলেছিলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) আমাদের।
ওটা আমরা নিয়েই ছাড়ব।’ ওই বক্তব্য দেওয়ার ২৪ ঘণ্টা পরই জম্মু ও কাশ্মীরে গেছেন অমিত শাহ।
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের মধ্যে তিনটিতে (জম্মু, উধমপুর ও শ্রীনগর) এরই মধ্যে ভোটগ্রহণ হয়ে গেছে। বাকি রয়েছে অনন্তনাগ-রাজৌরি এবং বারামুলায়।
কাশ্মীর উপত্যকার ওই দুটি আসনে এবার প্রার্থীই দেয়নি বিজেপি। আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থনের ঘোষণাও করেনি। এই পরিস্থিতিতে শাহের সফর নিয়ে তৈরি হয়েছে জল্পনা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে শ্রীনগরে পৌঁছান অমিত শাহ।
গতকাল শুক্রবার সকালেই দিল্লি ফিরে যান। সরকারিভাবে অমিত শাহের সফর নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি! তবে উপত্যকার কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে তাঁর বৈঠক হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা










































