আত্মহত্যা করেছিলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার থর্প

গুরুতর অসুস্থ হয়ে গত ৫ আগস্ট মারা যান গ্রাহাম থর্প। ইংল্যান্ডের সাবেক ব্যাটার কিভাবে মারা যান, সেটা অবশ্য তখন জানা যায়নি। তবে আজ জানা গেছে তিনি রোগে নন, নিজে নিজের জীবন নিয়েছেন।

৫৫ বছর বয়সী থর্প আত্মহত্যা করেছেন বলে এমনটিই জানিয়েছে তার পরিবার।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তার স্ত্রী আমান্ডা জানিয়েছেন, কয়েক বছর ধরেই হতাশা ও ডিপ্রেশনে ভুগছিলেন থর্প। তিনি বলেছেন, ‘দুই কন্যা, স্ত্রী, যারা তাকে ভালোবাসত এবং সে যাকে ভালোবাসত তারা থাকা সত্ত্বেও সে ভালো হয়নি। সে সাম্প্রতিক সময়ে বেশ অসুস্থ বোধ করছিল। সে ভীষণ বিশ্বাস করতে ছিল যে সে না থাকলে আমরা আরো ভালো থাকব।

সে এমনটা করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়েছি।’

২০২২ সালে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর অসুস্থ হলে থর্পকে হাসপাতালে ভর্তি করানো হয়। আমান্ডা বলেছেন, ‘দুই বছর আগ থেকে গ্রাহাম গুরুতরভাবে হতাশা এবং দুশ্চিন্তায় ভুগছিল।

এ জন্য গত ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার চেষ্টা করে। যার ফল হিসেবে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে দীর্ঘ সময় থাকতে হয়।’  

হতাশার মধ্যে থাকলেও চিকিৎসায় থর্পের উন্নতির লক্ষণ দেখা দিয়েছিল বলেও জানান আমান্ডা। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি। তিনি বলেছেন, ‘গ্রাহামকে নিয়ে কিছুটা আশা দেখা যাচ্ছিল।

তবে সে বিষণ্নতা ও দুশ্চিন্তার মধ্যেই ছিল। কখনো সেটা গুরুতর হয়ে পড়ছিল। পরিবার হিসেবে আমরা তাকে সহায়তা করেছি। সেও অনেক চেষ্টা করেছে। অনেক জায়গায় চিকিৎসাও নিয়েছে। তবে দুভার্গ্যক্রমে তা কোনো কাজে আসেনি।’

১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন থর্প। এ সময় ১০০ টেস্ট এবং ৮২টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেটের আদি সংস্করণে ৩৯ ফিফটি ও ১৬ সেঞ্চুরিতে ৬৭৪৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ২০০। আর ওয়ানডেতে কোনো সেঞ্চুরি না থাকলেও ২১ ফিফটিতে করেছেন দুই হাজার ৩৮০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে সারের বাইরে আর কোনো দলের হয়ে খেলেননি তিনি। ১৯৮৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। কাউন্টি ক্লাবটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় ২২ হাজার রান করেছেন তিনি।

LEAVE A REPLY