শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরো একটি হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহত কলেজছাত্রের মা কুলছুমা আক্তার আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি করেন।
মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি জাহাঙ্গীর কবির নাননসহ ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।











































