জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস আছে, ‘রাজযোগ’-এ নেই: পার্নো মিত্র

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পার্নো মিত্র ভীষণ যুক্তিবাদী। তিনি প্রধানত বাংলা টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন৷ রবি ওঝা নির্দেশিত খেলা এবং মোহনা ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে তিনি পরিচিত হতে শুরু করেন৷

২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’ ‘মাছ, মিষ্টি, মোর’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। ২০১৭ সালে বড়পর্দায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটে।

বাস্তবে পার্নো মিত্র তথাকথিত সংস্কার তার ভাবনায় শিকল পরাতে পারেনি। ব্যতিক্রম একটি বিষয়। পার্নো জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। পশ্চিমা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিনি বৃশ্চিক রাশি। এই শাস্ত্রের প্রতি বিশ্বাসের কারণেই তিনি সুযোগ পেলে রাশিফলও পড়েন। ৩০ মে অক্ষয় তৃতীয়া। ওই দিন কিছু রাশির রাজযোগ রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী অকাট্য যুক্তি দিয়েছেন— আমি জ্যোতিষশাস্ত্র মানি। রাশিফল নিয়েও আগ্রহী। একটু আধটু পড়াশোনাও আছে। সেই জায়গা থেকে জানি— সবার জন্ম সময় আলাদা। তাই সংবাদমাধ্যমে যে ফল দেয়, সেটি প্রত্যেকের ব্যক্তিগত রাশিফলের সঙ্গে সাধারণত মেলে না। সুতরাং ‘রাজযোগ’ বলে কিছু হয় না।’ 

পার্নো মনেপ্রাণে বাঙালি। তাই পহেলা বৈশাখের মতো এই দিনেও তিনি পূজা দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন। ‘বাড়ির বড়দের মুখে শুনতাম— অবাঙালিদের যেমন ধনতেরাসে গহনা কেনার চল, বাঙালিদের অক্ষয় তৃতীয়ায়। লক্ষ্মী যাতে অচঞ্চলা থাকেন তার জন্যই এই আয়োজন। আমিও অল্প বয়সে সোনার ছোট ছোট গয়না কিনতাম, বলেছেন অভিনেত্রী। গত কয়েক বছরে তাতে ছেদ পড়েছে। তবু বদলে বাড়িতে ধান বা গম রাখতে ভোলেন না।

পার্নো শুনেছেন, গম লক্ষ্মীর প্রতীক। তিনি তাই ওই বিশেষ দিনে ঠাকুরঘরে নতুন ধান বা গম রাখার চেষ্টা করেন। একইভাবে সাজে থাকে সাবেকিয়ানার স্পর্শ। শাড়ি, ফুল, গহনায় সেজে ওঠেন। ছোটবেলায় বাবার হাত ধরে হালখাতা করতে নির্দিষ্ট দোকানেও গেছেন। এখন সেসব সোনালি স্মৃতি।

উল্লেখ্য, পার্ণো মিত্র ১৯৮৭ সালে ৩১ অক্টোবরে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা অরুণাচল প্রদেশে কাজ করতেন এবং তিনি তার শৈশবের বেশিরভাগ দিন সেখানে কাটিয়েছেন। তিনি দার্জিলিংয়ের ডাউ হিল স্কুল থেকে প্রাথমিক এবং কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলে স্নাতক স্তর শেষ করেন।

LEAVE A REPLY