টম ক্রুজ
তিন দশক ধরে একটি ফ্রাঞ্চাইজি দিয়ে দুনিয়া মাত করে রেখেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারস্টার টম ক্রুজ। ১৯৯৬ সালে মুক্তি পায় টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল’। মুক্তির পর হলিউডে নতুন এক দিগন্ত উন্মোচন করে সিনেমাটি। এরপর একে একে এসেছে সাতটি পর্ব।
‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজকে বিশ্বজুড়ে অ্যাকশন আইকনে পরিণত করেছে। বুর্জ খলিফা বেয়ে ওঠা থেকে শুরু করে মোটরসাইকেল নিয়ে পাহাড় থেকে ঝাঁপ—প্রতিটি পর্বেই ছিল চোখধাঁধানো স্ট্যান্ট। এবার আসতে চলেছে এই বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত পর্ব। যার শিরোনাম ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রিকনিং’।
বিশ্বব্যাপী ক্রুজ ভক্তরা অপেক্ষায় রয়েছেন সিনেমাটির মুক্তির।
‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রিকনিং’ মুক্তি পেতে যাচ্ছে এ মাসেই। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন টম ক্রুজ ও গোটা টিম। এর প্রচারে বিশ্বব্যাপী ট্যুর করছেন টম ক্রুজ।
গ্লোবাল ট্যুর শিরোনামের এ সফরে ছুটে যাচ্ছেন টোকিও থেকে সিউল। কান ফেস্টিভ্যাল, মেক্সিকো সিটি, লন্ডন, নিউইয়র্ক ও সবশেষ টেক্সাসে যাবেন এ সুপারস্টার।আ
‘
সম্প্রতি সিউল সফরে গিয়ে সিনেমাটি প্রসঙ্গে টম বলেন, ‘গত ৩০ বছরের ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি হতে যাচ্ছে। তাই এটি দেখতে হবে দর্শকদের। আমি কিছুই আগাম বলতে চাই না, যাতে দর্শকদের অভিজ্ঞতা নষ্ট না হয়।তবে আমরা দর্শকের কাছে দায়বদ্ধ। সেই জায়গা থেকে এটুকু বলতে চাই, অসাধারণ কিছু পেতে যাচ্ছে ‘মিশন: ইম্পসিবল’ ভক্তরা।’
অভিনেতা আরো বলেন, “ম্যাককোয়ারি আর আমার মধ্যে একটা ব্যাপার আছে—প্রতিটা সিনেমার শেষে আমি ওর দিকে তাকিয়ে বলি, ‘আমরা আরও ভালো করতে পারি। আমরা এ সিনেমার জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। কিছু জায়গায় এর চেয়েও বেশি দেওয়া লেগেছে।
শেষ পর্বেও তুখোড় নির্মাতা ম্যাককোয়ারির ওপর ভরসা রাখছেন টম। ম্যাককোয়ারির পরিচালনায় এবারের পর্বেও ‘ইথান হান্ট’ চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। আরো রয়েছেন হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিফ, ভিং রেমস ও সাইমন পেগ। সিনেমাটি ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।










































