আইসিসির নতুন সিইও সঞ্জোগ গুপ্ত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলেন ভারতের ক্রীড়া ও মিডিয়া জগতের পরিচিত মুখ সঞ্জোগ গুপ্ত। আজ সোমবার তাকে সিইও হিসেবে ঘোষণা করে আইসিসি।
সঞ্জোগ গুপ্ত অস্ট্রেলিয়ার জেফ অ্যালারডাইসের স্থলাভিষিক্ত হলেন। অ্যালারডাইস চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
কে এই সঞ্জোগ গুপ্ত?
সঞ্জয় গুপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সহ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন ২০০২ সালে। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিক হিসেবে দিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায়।
২০১০ সালে তিনি স্টার ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং কনটেন্ট, প্রগ্রামিং ও স্ট্র্যাটেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০২০ সালে তিনি ডিজনি ও স্টার ইন্ডিয়ার স্পোর্টস সিইও হন।
পরে ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ ও ডিজনি স্টার এর সংযুক্তিকরণের পর গঠিত নতুন প্রতিষ্ঠান জিও স্টারে তিনি স্পোর্টস এন্ড লাইভ এক্সপেরিয়েন্স এর সিইও হন। ভারতের আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম গঠনে তার অবদানের জন্য তাকে ‘আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান স্পোর্টস’ বলা হয়।
সঞ্জোগ ভারতের আইপিএল, প্রো কাবাডি লিগ , ইন্ডিয়ান সুপার লিগ এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির জনপ্রিয়তা বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করেন।
আইসিসি সিইও হিসেবে নিয়োগ প্রক্রিয়া
আইসিসি জানিয়েছে, এই পদে নিয়োগের জন্য ২৫টি দেশ থেকে ২৫০০টির বেশি আবেদন জমা পড়ে।
সেখান থেকে ১২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়।
আইসিসির সিইও নিয়োগে দায়িত্বপ্রাপ্ত নমিনেশন কমিটিতে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, এসএলসি প্রেসিডেন্ট শামি সিলভা, এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তাদের সুপারিশে আইসিসির চেয়ারম্যান জয় শাহ সঞ্জোগ গুপ্তকে নিয়োগে অনুমোদন দেন।
জয় শাহ বলেন, ‘সঞ্জোগ গুপ্তর ক্রীড়া কৌশল ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ক্রিকেটের ভবিষ্যৎ বিস্তারে বড় ভূমিকা রাখবে। তার মিডিয়া দক্ষতা ও প্রযুক্তির প্রতি আগ্রহ আইসিসিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।
’











































