অভিক আনোয়ার।
বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের পথিকৃৎ অভিক আনোয়ার মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত রেসের সময় তার গাড়ি ভয়াবহভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়।
অভিকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ‘অভিকের গাড়ি রেস চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার মধ্যে রয়েছেন।
সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
এর আগে সকালে একটি পোস্টে অভিক লিখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। যদি টার্ন ৫ এবং টার্ন ৬-এ গাড়িটি হঠাৎ স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।
’
৩৯ বছর বয়সী অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টসে অন্যতম সফল রেসার। গত বছরের ডিসেম্বর মাসে বিশ্বের সবচেয়ে পুরনো ট্যুরিং কার রেসে প্রথমবার অংশগ্রহণ করে দুবাইয়ের অটোড্রোমে দুইটি রেসেই পোডিয়ামে ওঠে দেশের নাম উজ্জ্বল করেন।











































