ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা। ছবি : এক্স থেকে
মঞ্চ প্রস্তুতই ছিল। ইতিহাস গড়তে যাচ্ছে ভারত। প্রথমবারের মতো নারী দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে তারা। কেননা ফাইনালের দুই প্রতিযোগীই ভারতের।
তবে কে হবেন চ্যাম্পিয়ন? অভিজ্ঞ কোনেরু হাম্পি নাকি উদীয়মান দিব্যা দেশমুখ।
শেষে জর্জিয়ার বাতুমিতে শেষ হাসি হেসেছেন দিব্যা। ফিদে নারী বিশ্বকাপের ফাইনালে ৩৮ বছর বয়সী হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ১৯ বছর বয়সী দিব্যা। শুধু বিশ্বচ্যাম্পিয়নই হননি, এ জয়ে সরাসরি গ্র্যান্ডমাস্টারের খেতাবও পেয়েছেন তিনি।
ভারতের চতুর্থ নারী হিসেবে গ্র্যান্ডমাস্টারের খেতাব জিতলেন দিব্যা। নারী-পুরুষ মিলিয়ে ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার তিনি।
ফাইনালে স্বদেশি হাম্পির চেয়ে বয়সে-অভিজ্ঞতা ঢের পিছিয়ে ছিলেন দিব্যা। গত দুই দশক ধরে ভারতের নারী দাবার পতাকাবাহী ৩৮ বছর বয়সী দাবাড়ু।
যার নামের পাশে রয়েছে দুটি বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ, সমান দুটি এশিয়ান গোল্ড মেডেল। সঙ্গে দাবা অলিম্পিয়াডে ভারতীয় জয়ী সদস্যও।
তবে ফাইনালে হাম্পির চোখ চোখ রেখে জবাব দিয়েছেন দিব্যা। যার প্রমাণ প্রথম দুই ক্ল্যাসিক গেমে ড্র করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে আসা। আজ র্যাপিড গেমের প্রথমটিও ড্র হয়।
তবে দ্বিতীয় গেমে আর ড্র নয়, ম্যাচই নিজের করে নিয়েছেন তিনি। সাদা ঘুঁটি নিয়ে খেলা হাম্পি ভুল করে বসলে সুযোগের ফায়দা তুলে নিতে ভুল করেননি দিব্যা। ৩৪ চালের পর অভিজ্ঞ দাবাড়ুকে হার মেনে নিতে বাধ্য করেন দিব্যা। আর এতেই নারী বিশ্বচ্যাম্পিয়ন না পাওয়ার অপেক্ষা ফুরায় ভারতের।










































