ক্যাম্প ন্যুর অন্ধকার রাত ভুলতে চায় বার্সা, টিকিট বিক্রি সীমিত

ছবি : রয়টার্স

বার্সেলোনা আগামী সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার টিকিট বিক্রি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে শুধু ক্লাবের সদস্যদের জন্য।

২০২২ সালের ইউরোপা লিগের সেই কালো রাতটি এখনও দাগ কেটে আছে বার্সা সমর্থকদের মনে। ৩০ হাজারের বেশি ফ্রাঙ্কফুর্ট–সমর্থক ক্যাম্প ন্যুতে ঢুকে পুরো স্টেডিয়ামকে সাদা জার্সির সমুদ্রে পরিণত করেছিলেন।

স্বাগতিক সমর্থকেরা যেন নিজেদের ঘরেই অতিথি হয়ে গিয়েছিলেন। সেই ম্যাচে বার্সা হারেও বিধ্বস্ত হয়, আর সেদিনের সেই ‘দৃশ্য’ আবার ফিরে আসুক এটা কোনোভাবেই চায় না ক্লাব।

তাই নতুন সিদ্ধান্ত, আগামী মঙ্গলবারের ম্যাচের আগ পর্যন্ত টিকিট বিক্রি হবে শুধু বার্সা সদস্যদের জন্য।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২২ সালের অভিজ্ঞতা যেন আর না ফিরে আসে।

সদস্যরাই আমাদের শক্তির কেন্দ্র, আমরা চাই ক্যাম্প ন্যু বার্সা সমর্থকদের জন্যই উৎসবমুখর হোক।’

ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আরও স্পষ্টভাবে বলেছেন, ‘সেই রাতে যে অনুভূতি হয়েছিল, সেটা ভয়াবহ। প্রতিপক্ষের জার্সিতে ভরা স্টেডিয়াম আর দেখতে চাই না।’

দুই বছর ধরে পুনর্নির্মাণ কাজের জন্য বার্সা খেলেছে অলিম্পিক স্টেডিয়ামে।

অবশেষে নভেম্বর থেকে সীমিত দর্শক ধারণক্ষমতা (৪৫ হাজার) নিয়ে তারা ফিরেছে নিজেদের ঘরে। আর চ্যাম্পিয়নস লিগে নতুন সাজে ফেরা ক্যাম্প ন্যুতে এটি হবে তাদের প্রথম ম্যাচ।

মাঠের পরিস্থিতিও বার্সার জন্য এখন কঠিন। চেলসির বিপক্ষে হারের পর হান্সি ফ্লিকের দল গ্রুপে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে ১৮তম স্থানে।

অপরদিকে ফ্রাঙ্কফুর্টের অবস্থা আরও খারাপ, তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট, অবস্থান ২৮তম।

নকআউট আশা বাঁচাতে উভয় দলেরই প্রয়োজন জয়ের।

LEAVE A REPLY