ঢামেক আধঘণ্টা আটকে থাকেন আইন উপদেষ্টা

গুরুতর আহত গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৯ আগস্ট) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে তিনি ঢামেক হাসপাতালে পৌঁছালে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন উপদেষ্টা ঢামেকের জরুরি বিভাগে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। পরে প্রায় আধঘণ্টা আটকে থাকার পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ঢামেক বহির বিভাগ গেট দিয়ে গোপনে বের হয়ে যান তিনি।

সরেজমিনে দেখা যায়, আইন উপদেষ্টা ঢামেকে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা জরুরি বিভাগের প্রবেশমুখ অবরোধ করে তার বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন। নুরুল হক নুরের অবস্থা দেখতে আইন উপদেষ্টার আগমনকে তারা ‘রাজনৈতিক প্রদর্শনী’ হিসেবে অভিযোগ করেন।

পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং নেতাকর্মীদের হাসপাতালের ভেতর থেকে সরে যেতে অনুরোধ জানান। তবে নেতাকর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শেষ পর্যন্ত আইন উপদেষ্টা প্রধান গেট দিয়ে বের হতে না পেরে বিকল্প পথ ব্যবহার করে শহীদ মিনার পাশের গেট ঢামেক বহির্বিভাগ গেট দিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

LEAVE A REPLY