বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেইনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে, আর শেষ দিকে চমৎকার এক গোলে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে।
ফ্রান্স ম্যাচে বলের নিয়ন্ত্রণ ৫৬ শতাংশ সময় ধরে রাখে এবং ১৬টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ইউক্রেইনের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল।
দশম মিনিটে বারকোলার পাস থেকে বক্সের ফাঁকা জায়গায় থাকা ওলিসে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের কোচ উসমান দেম্বেলেকে নামান। ৫৮তম মিনিটে তার একটি শট থামান ইউক্রেইনের গোলরক্ষক। ৬৫তম মিনিটে ইউক্রেনের আর্তেমের হেড গোললাইন থেকে ডিফেন্ডার কোনাতে ক্লিয়ার করেন।
এরপর ইলিয়া ইয়াবার্নির হেড পোস্টে লেগেও গোল হয়নি।
৮২তম মিনিটে এমবাপ্পে মাঝমাঠ থেকে রিয়াল মাদ্রিদের সতীর্থ অরলিয়েন চুঁয়োমেনির পাস নিয়ে প্রতিপক্ষকে এড়িয়ে বল জালে পাঠান। এই গোলে এমবাপ্পে ফ্রান্সের সর্বোচ্চ গোলের তালিকায় থিয়েরি অঁরির পাশে দুই নম্বরে বসেন; দুজনেরই আন্তর্জাতিক গোল ৫১টি। ৫৭ গোল নিয়ে শীর্ষে রয়েছেন অলিভিয়ের জিরু।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপ্পে ওয়ান-টু-ওয়ানে গোলরক্ষকের কাছে ব্যর্থ হন। একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড আজারবাইজানকে ৫-০ গোলে হারিয়েছে।
ফ্রান্স তাদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার রাতে আইসল্যান্ডের সঙ্গে, আর ইউক্রেইন খেলবে একই দিনে আজারবাইজানের বিপক্ষে।









































