কোচ বরখাস্ত, ‘স্পেশাল ওয়ান’ ফিরছেন বেনফিকায়?

হোসে মরিনহো

চ্যাম্পিয়নস লিগে করাবাখের কাছে লজ্জাজনক হারের ধাক্কা সামলাতে পারল না বেনফিকা। মঙ্গলবার ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারতে হয় পর্তুগিজ ক্লাবটিকে। ম্যাচ শেষে রাতেই বরখাস্ত করা হয় কোচ ব্রুনো লাজেকে।

এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে হোসে মরিনহোর নাম।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, হোসে মরিনহো বেনফিকার দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এই পর্তুগিজ কোচের সঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বেনফিকা কর্তৃপক্ষ। ফেনেরবাচে থেকে বিদায় নেওয়ার পরপরই নতুন ক্লাব খুঁজছিলেন তিনি। নিজের দেশেই বেনফিকার ডাগআউটে ফেরার বিষয়ে মরিনহো ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের কোনো দলের বিপক্ষে এবারই প্রথম হেরেছে বেনফিকা। শুরুতে ১৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু লিয়ান্দ্রো আন্দ্রাদের ৩০ মিনিটের গোলে ম্যাচে ফেরে করাবাখ। বিরতির পরপরই কামিলো দুরান সমতা ফেরান, আর ৭০ মিনিটে ওলেক্সি কাশচুক গোল করে ঐতিহাসিক জয় এনে দেন কারাবাখকে।

বেনফিকা সভাপতি রুই কস্তা সংবাদ সম্মেলনে লাজের বিদায়ের ঘোষণা দেন। মরিনহোকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে সরাসরি উত্তর না দিলেও তিনি বলেন, “আমাদের পরবর্তী কোচ অবশ্যই হতে হবে একজন ‘উইনিং কোচ।’”

আগামী কয়েক দিনের মধ্যেই মরিনহোর আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা রয়েছে বলে গুঞ্জন আছে। বেনফিকা চাইছে আসন্ন লিগ ম্যাচেই (এভিএসের বিপক্ষে) নতুন কোচকে ডাগআউটে দেখতে। 

উল্লেখ্য, মরিনহো এর আগে ২০০০ সালে বেনফিকায় কোচিং শুরু করেছিলেন।

তবে মাত্র ১১ ম্যাচ পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর আবারও সেই ক্লাবেই নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন ‘স্পেশাল ওয়ান।’

LEAVE A REPLY