কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্ত্রীর

সংগৃহীত ছবি

সংগীত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কুমার শানু। সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে চর্চায় এই গায়ক। এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।

তিনি দাবি করেন, গর্ভাবস্থায় অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতা বলেন, “কুমার শানু ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগত। তাই আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমার গর্ভাবস্থায় আমাকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। ওই সময়ে ও এক বিবাহবহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিল।

যেটা এখন সবাই জানেন। আমার বয়স তখন অনেকটাই কম। আমি তো ভেবেছিলাম, আমার জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। আমার পরিবারও অবাক হয়ে গিয়েছিল এসব দেখেশুনে।

গতবছর এক বড় পার্টিতে শানু বলে যে, আমিই নাকি ওর সাফল্যের নেপথ্যে। কিন্তু আমি তো কারণটাই জানি না! এই কুমার শানুই আমাকে আদালতে নিয়ে নিয়ে আমাকে হাসির খোরাক বানিয়েছিল। হেসেছিল।”

বিস্ফোরক অভিযোগ তুলে রীতা ভট্টাচার্যের দাবি, “জান যখন গর্ভে ছিল তখন আমাকে খাবার খেতে দেওয়া হতো না। শানু ঘর থেকে বেরোনোর সময়ে হেঁশেলে তালা ঝুলিয়ে যেত।

একমুঠো চাল কিনে তখন আমি আমার বউদির বাড়িতে গিয়ে খিচুড়ি রেঁধে খেতাম। এমনকী আমার বাচ্চাদের জন্য দুধ পর্যন্ত আনতে দিত না। আমাকে দিনের খরচ চালানোর জন্য হাতে মাত্র ১০০ টাকা গুঁজে দিত। ডাক্তারকেও বলেছিল, আমাদের খরচ দিতে পারবে না ও। তাই ওদের ‘মানুষ’ বলা ভুল হবে। বাচ্চার খাবার অর্ডার করলে, দোকানদার আমাকে সাফ জানিয়ে দিত- দিতে পারব না, সাহেবের মানা রয়েছে।” 

ওই সাক্ষাৎকারেই শানুর প্রাক্তন স্ত্রী আরো বলেন, “ওর বোন নিজের স্বামী-সন্তান ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকত। শানু যে ঘরে ঘুমাত, বোনও সেই ঘরেই ঘুমাত। আর আমি সন্তানদের নিয়ে আলাদা ঘরে থাকতাম। ওরা দুজনেই আমাকে অত্যাচার করেছে।”

LEAVE A REPLY