ম্যাক্স ডাওম্যান ও লামিনে ইয়ামাল।
আর্সেনালের গ্রীষ্মকালীন নতুন সাইনিং ক্রিস্টিয়ান মসকেরা ক্লাবের কিশোর প্রতিভা ম্যাক্স ডাউম্যানকে দেখে রীতিমতো বিস্মিত। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণকে তিনি তুলনা করেছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের সঙ্গে।
মাত্র ১৫ বছর বয়সেই আর্সেনাল ভক্তদের হৃদয় জয় করেছেন ডাউম্যান। সীমিত সময়ের খেলাতেই তার দৃষ্টিনন্দন গতি, নিখুঁত বল কন্ট্রোল এবং আত্মবিশ্বাসী খেলার ধরন নজর কেড়েছে সবার।
ইয়ামালও একই বয়সে ২০২৩ সালে বার্সেলোনার হয়ে অভিষেক করেন এবং তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন।
দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মসকেরা বলেন, ‘আমি তুলনা করতে চাই না, কিন্তু তার খেলার ধরন এবং চলাফেরার ভঙ্গি একেবারে লামিন ইয়ামালের মতো। তার মুভমেন্ট এক কথায় ইয়ামাল-স্টাইলের।’
ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সময় ইয়ামালের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছিলেন মসকেরা।
তাই তুলনাটা যে হালকাভাবে করেননি, তা বুঝিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার।
আর্সেনালের প্রাক-মৌসুম সফরে সিঙ্গাপুরে প্রথমবার ডাউম্যানকে দেখেন মসকেরা। তিনি বলেন, ‘আমি আগে তার নামই শুনিনি। সিঙ্গাপুরে পৌঁছে দেখি সে অনুশীলন করছে, খেলছেও।
যখন শুনলাম তার বয়স মাত্র ১৫, বিশ্বাসই করতে পারিনি। সে সত্যিই অবিশ্বাস্য প্রতিভা। আমার মনে হয়, একদিন সে বিশ্বমানের খেলোয়াড় হবে।’
ডাউম্যানের উত্থান ইতিমধ্যেই আলোচনায় এনেছে আর্সেনালের নতুন প্রজন্মকে। গত মৌসুমের শেষ দিকে দলের আক্রমণভাগে ইনজুরির সময়েই ভক্তরা তার নাম উচ্চারণ করতে শুরু করেন।
এ মৌসুমে ধীরে ধীরে সিনিয়র ফুটবলে পা রাখছেন এই কিশোর।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, ডাউম্যান যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে খুব শিগগিরই আর্সেনালের ভবিষ্যতের অন্যতম বড় সম্পদ হয়ে উঠবেন তিনি।









































