ছবি : ইনস্টাগ্রাম থেকে
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকাকে নিয়ে একটি ভালোবাসায় ভরা ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাজানো ঘরে টেডি বিয়ার, বেলুন ও গোলাপের পাপড়ির মাঝে ভার্জিনিয়াকে পেছন থেকে জড়িয়ে আছেন ভিনি।
ছবিটি পোস্ট করার পর পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। হামলে পড়েন সতীর্থ থেকে ভক্তরা।
অভিনন্দন জানানোর পাশাপাশি খোঁচাও দেন অনেকেই।
তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে সতীর্থ ও বন্ধুদের মজার মন্তব্য। ব্রাজিলিয়ান তারকা নেইমার লিখেন, ‘ছেলেটা তো প্রেমে হাবুডুবু খাচ্ছে!’, আর কামাভিঙ্গা লেখেন, ‘ভালোবাসার রাজ্যে এখন বেশ জমজমাট অবস্থা!’
পোস্টটিতে লাইক দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডও।
কয়েক সপ্তাহ আগেই এই সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে খবর আসে।
টিভি হোস্ট ও উদ্যোক্তা ভার্জিনিয়া ফনসেকা দাবি করেছিলেন, ভিনিসিয়ুস অন্য নারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এরপর ভিনি খোলাখুলি ক্ষমা চেয়ে পোস্ট দেন। বলেন, ‘ভার্জিনিয়া এক অসাধারণ নারী ও প্রশংসনীয় মা। আমাদের মধ্যে আন্তরিক সংযোগ ছিল।
আমি অবহেলা করেছি, ভুল করেছি, তাকে কষ্ট দিয়েছি। তাই আমি প্রকাশ্যে ক্ষমা চাইছি। এখন সবকিছু নতুন করে শুরু করতে চাই—ভালোবাসা, শ্রদ্ধা ও সততার সঙ্গে।’
এই ক্ষমা প্রার্থনার পর দুজনের সম্পর্ক আবার জোড়া লাগে, যা এবার ইনস্টাগ্রামের ছবিতেই নিশ্চিত হলো। ভিনির নতুন পোস্টে ক্যাপশন ছিল ‘V লাভ ইমুজি V’, যা তাদের আবার একসঙ্গে ফেরার নিশ্চয়তা দেয়।










































