হাসপাতালে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র

সংগৃহীত ছবি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। এমন খবরে উদ্বিগ্ন বলিউড।

তবে এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী।

তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্র স্থিতিশীল। চিন্তার কোনো কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া স্বাভাবিক।

যেমন, হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। কোনো যন্ত্র নয়, স্বাভাবিক ভাবেই হচ্ছে সব কিছু। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্র নাকি গত পাঁচ দিন ধরে হাসপাতালে। নিয়মিত পরীক্ষা করাতেই ভর্তি হয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার একটি ভিডিও সেই সময় ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা গেছে, তিনি উপস্থিত চিত্রসংবাদিকদের বলছেন, “এখনো আমি শক্তপোক্ত, তরতাজা। ভালো আছি। চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল।

তাই অস্ত্রোপচার করাতে হলো।”

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। এদিকে আসছে ৮ ডিসেম্বরে ধর্মেন্দ্র নব্বইয়ে পা দেবেন। শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাকে।

LEAVE A REPLY