চেলসি তারকাকে পেতে ম্যানইউ-ম্যানসিটির লড়াই

জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে এক জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।চেলসির এক তরুণ তারকাকে দলে ভেড়াতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ম্যানচেস্টারের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাব।

জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘টকস্পোর্টে’র প্রতিবেদন অনুযায়ী, চেলসির ২৩ বছর বয়সী ফরাসি রাইট-ব্যাক মালো গুস্তোকে দলে টানতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, এই ডিফেন্ডারকে বেশ উঁচু মানের খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করছে ম্যানচেস্টার সিটিও এবং তারা তাঁর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ার বিষয়ে চেলসি কর্তৃপক্ষকে জানানোর পরই এই তারকাকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও লিভারপুল এবং ইতালীয় ক্লাব এসি মিলান ও কোমো নজর রাখছে।

প্রতিবেদন অনুযায়ী, গুস্তোর জন্য চেলসি প্রায় ৮ কোটি ইউরো (৮০ মিলিয়ন ইউরো) দাম হাঁকাচ্ছে। তবে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সম্ভাব্য ট্রান্সফার ফি ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (৭৫ মিলিয়ন পাউন্ড) বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০২৩ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব লিওঁ থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন মালো গুস্তো। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি রয়েছে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত।

ফুটবলবিষয়ক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে গুস্তোর বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো (৩৫ মিলিয়ন ইউরো), যা চেলসির চাওয়া দামের চেয়ে অনেকটাই কম।

LEAVE A REPLY