দ্বিতীয় টেস্টের ৪৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের

ছবি : রয়টার্স

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় টেস্টকে সামনে রেখে পরিবর্তনের পথে হাঁটল ইংল্যান্ড। ব্রিসবেনের গ্যাবায় দিবা–রাত্রির ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে পিংক বলের এ ম্যাচ। গ্যাবার উইকেট সাধারণত পেস সহায়ক হলেও এই ম্যাচে একাদশে স্পিনার বাড়িয়েছে ইংল্যান্ড।

চোটের কারণে ছিটকে যাওয়া মার্ক উডের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। 

দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা লেগ স্পিনার শোয়েব বশিরকে পিছনে ফেলে প্রায় তিন বছর পর আবারও টেস্ট খেলতে নামছেন জ্যাকস। অ্যাশেজে এটিই হবে তার প্রথম ম্যাচ। দুই টেস্টে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৬ উইকেট ও ব্যাট হাতে ৮৯ রান।

পার্থে প্রথম টেস্টে ভরাডুবির পর চাপে আছে ইংল্যান্ড। মিচেল স্টার্কের আগুনে বোলিং আর ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচটা মাত্র দুদিনেই হারতে হয়েছিল বেন স্টোকসদের।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কারস, জোফরা আর্চার। 

LEAVE A REPLY