অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাংকাশায়ার, দাবি ব্রডের

২০২৩ সালের অ্যাশেজের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে অ্যান্ডারসন-ব্রড। ছবি : সংগৃহীত

২৬ বছরের সম্পর্ক। তাতে জমা পড়েছে অসংখ্য স্মৃতি, রেকর্ড আর সাফল্যের গল্প।অথচ বিদায় বেলা সময়টুকু যেন পেলেন না জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি পেসারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ল্যাংকাশায়ার। কাউন্টি ক্লাবের এমন সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে সমালোচনা করেছেন অ্যান্ডারসনের দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন ব্রড।ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪৭ উইকেটের মালিক বলেছেন, ‘ল্যাংকাশায়ারের সিদ্ধান্তটা আমার ভালো লাগেনি। বিষয়টি যথাযথভাবে হয়নি। আমার মনে হয়েছে, এটা অসম্মানজনক। খেলাটির কিংবদন্তি বা সেরাদের আরো ভালোভাবে বিদায় জানানো উচিত।’

ক্লাবটির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রড। তিনি বলেছেন, ‘এমন সিদ্ধান্ত ক্লাবটির নেতৃত্বের অভাবকে সামনে এনেছে। বিষয়টি সঠিকভাবে করার মানসিকতারও অভাব প্রকাশ করে। পল ফারব্রেস নতুন, কিন্তু ক্লাবের চেয়ারম্যান কোথায়? পরিচালনা পর্ষদ কোথায়? তাদের তো নিশ্চিত করা উচিত ছিল, কাজটি আরো ভালোভাবে হচ্ছে।’

ইংল্যান্ডের হয়ে ১৩৮ টেস্টে ১০৩৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও ব্রড জুটি।টেস্ট ইতিহাসে কোনো জুটির এটিই সর্বোচ্চ উইকেটসংখ্যা।

অ্যান্ডারসন নিজেও ক্লাবের এমন সিদ্ধান্তে হতাশ। ল্যাংকাশায়ারকে শুভকামনা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ৯৯১ উইকেটের মালিক বলেছেন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তবে শেষটা অন্তত এভাবে হতো না। তবে ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

অবসরের ঘোষণাও এখনো দেননি অ্যান্ডারসন। কাউন্টির কয়েকটি ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহও দেখিয়েছে। তাই ব্রডের বিশ্বাস ক্রিকেটকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে অ্যান্ডারসনের। তার ভাষায়, ‘অনেক ক্লাবই তাকে চাইবে। তিনি এখনো অনেক কিছু দিতে পারেন। এখনো দেশের অন্যতম সেরা বোলার তিনি।’

গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ল্যাংকাশায়ারের অধিনায়কত্বও করেছেন ৪৪ বছর বয়সী পেসার। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে ছাড়াই দল গড়তে চান ক্লাবটির নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস।

LEAVE A REPLY