কিছু মার্কিন প্রস্তাব গ্রহণ করেছেন পুতিন, আরো আলোচনায় প্রস্তুত

ফাইল ছবি : রয়টার্স

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রহণ করেছেন এবং কিছু প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে ক্রেমলিন বুধবার জানিয়েছে। তবে সমঝোতায় পৌঁছতে যতবার প্রয়োজন, ততবারই যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে বৈঠকে বসতে রাশিয়া প্রস্তুত।

মস্কোয় পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন। এই আলোচনা বুধবার ভোর পর্যন্ত গড়ায় বলে জানানো হয়।

পরে ক্রেমলিনের এক সহকারী বলেন, ‘এখনো আপসের পথ খুঁজে পাওয়া যায়নি।’

পুতিন কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন—এমন প্রশ্নে পেসকভ বলেন, বিষয়টি এভাবে বলা সঠিক নয়।

পেসকভ বলেন, ‘গতকাল প্রথমবারের মতো সরাসরি মতবিনিময় হয়েছে। কিছু বিষয় গ্রহণ করা হয়েছে, কিছু বিষয় অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে—সমঝোতা খোঁজার স্বাভাবিক কার্যপ্রক্রিয়া এমনই হয়।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার জন্য রাশিয়া কৃতজ্ঞ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ক্রেমলিন নিয়মিত প্রকাশ্য মন্তব্য করবে না, কারণ অতিরিক্ত প্রচার এই প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না।

পেসকভ বলেন, ‘এই মুহূর্তে বিশেষজ্ঞ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। এই বিশেষজ্ঞ পর্যায়েই কিছু নির্দিষ্ট ফল বেরিয়ে আসা উচিত, যা পরবর্তী সময়ে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের ভিত্তি হবে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের ২৮ দফার একটি খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়, যা ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তাদের অভিযোগ ছিল, এসব প্রস্তাব মস্কোর প্রধান দাবিগুলোর কাছে নতি স্বীকার করেছে।

এরপর ইউরোপীয় শক্তিগুলো একটি পাল্টা প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ‘হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ তৈরি করেছে।

পুতিন মঙ্গলবার বলেন, ইউরোপীয় শক্তিগুলো এমন কিছু প্রস্তাব সামনে আনছে, যা রাশিয়ার জন্য ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং এর মাধ্যমে তারা শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টা করছে।

পুতিনের পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ উইটকফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, এর আগে মস্কো ২৭ দফার একটি প্রস্তাব পেয়েছিল, এরপর আরো চারটি অতিরিক্ত নথি দেওয়া হয়, যেগুলো উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে।

পুতিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রাথমিক প্রস্তাবগুলোকে চারটি ভাগে ভাগ করেছে। তবে সেসব অংশের সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY