অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে রোমাঞ্চকর ম্যাচে মন্টেনেগ্রোকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ই-টায়ারের কোয়ার্টার-ফাইনালে ইউরোপীয় দলটিকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের দাপুটে জয়ে জোড়া গোল করেন পাভেল হাসান।
বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। এতে ৯ম মিনিটেই গোলের দেখা পায় লাল-সবুজের দল। বায়েজিদের দুর্দান্ত এক গোলে লিড পায় বাংলাদেশ।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীরা। তাতে পরপর দুই গোল করে মন্টেনেগ্রোর ঘুরে দাঁড়ানোর সব পথ পুরোপুরি বন্ধ করে দেন পাভেল। তার জোড়া গোলের মাঝেই দলের লিড বাড়াতে নাম লেখান শিবাক।এতে ইউরোপীয়ান দেশটিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখল বাংলাদেশি যুবারা।
সব মিলিয়ে এই আসরে নিজেদের আট ম্যাচের মধ্যে এটি বাংলাদেশের চতুর্থ জয়। আর এটি টানা দ্বিতীয় জয় বাংলাদেশের।







































