সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন অনন্য এক ইতিহাস। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে প্রথমবারের মতো এমন কীর্তি দেখালেন কোনো পুরুষ বা নারী ক্রিকেটার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামে কম্বোডিয়া। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান।
ম্যাচ তখনো পুরোপুরি ইন্দোনেশিয়ার মুঠোয় আসেনি। ঠিক সেই মুহূর্তেই ১৬তম ওভারে বল হাতে নেন প্রিয়ান্দানা—আর সে ওভারেই অলআউট হয়ে যায় কম্বোডিয়া!
ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডান-হাতি পেসার। থামেননি সেখানেই। পরের বল ডট দিয়ে আবারও দুই ডেলিভারিতে নেন দুটি উইকেট।
মাঝে একটি ওয়াইড দিয়ে পুরো ওভারে মাত্র ১ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম লেখান স্বর্ণাক্ষরে। প্রিয়ান্দানার এই বিধ্বংসী স্পেলে ৬০ রানে জয় নিশ্চিত করে ইন্দোনেশিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে কোন নির্দিষ্ট বোলারের নামের পাশে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের এক ওভারে পাঁচ উইকেট পড়ে।
তবে দুই ব্যাটার রান আউট হওয়ায় উইকেট যোগ হয়নি বোলারের নামের পাশে।
তবে স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টিতে আগে দুবার এমন কীর্তি দেখা গেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের আল–আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের অভিমন্যু মিথুন এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার টানা চার বলে চার উইকেট নেওয়া।











































