কুমিল্লায় ড্র হয়েছে কিংস-মোহামেডানের ম্যাচ। ছবি : কিংসের ফেসবুক থেকে
বাংলাদেশ ফুটবল লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে থাকা বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে ভুগছে। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে তারা। যার সর্বশেষটি আজ মোহামেডানের বিপক্ষে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে কিংস-মোহামেডান ম্যাচ।
প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য একটি গোল করেছিল কিংস। তবে ফাহিমের পাস থেকে করা রাকিবের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচে বেশ কটি গোলের সুযোগ তৈরি করেছিল কিংস। তবে কখনো প্রতিপক্ষের গোলরক্ষক সুজন বাধা হয়ে দাঁড়ান, কখনোবা ফরোয়ার্ডরা গোলের সুযোগ মিস করেন।
ম্যাচের তৃতীয় মিনিটেই যেমন রাকিবের জোরাল এক শট শেষ মুহূর্তে ফিস্ট করে মোহামেডানকে বাঁচান গোলরক্ষক সুজন।
৩২ মিনিটে কিংসকে লিড এনে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। তবে সুযোগ কাজে লাগানোর বিপরীতে পোস্টের বাইরে মারেন স্ট্রাইকার। ৬১ মিনিটে মোহামেডানের হয়ে বাঁকানো এক কনার কিক নিয়েছিলেন মোজাফফর মোজাফফরভ।
তবে পাঞ্চ করে বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এ ড্রয়ে ‘বি’ গ্রুপে ফর্টিসের সঙ্গে যৌথভাবে শীর্ষে মোহামেডান। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে চারে কিংস।










































