ছবি : রয়টার্স
টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্স করে এমন রেকর্ড গড়লেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সোমবার ২৪ রানে ২ উইকেট শিকার করার মধ্য দিয়ে ২০২৫ সালে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান ৯৭-এ। এর আগে ২০১৮ সালে রশিদ খান এক পঞ্জিকাবর্ষে ৯৬ উইকেট নিয়ে দীর্ঘদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন।
টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে ৯০-এর বেশি উইকেট নিতে পেরেছেন কেবল এই দুই বোলারই।
২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ২১.৪২ গড়ে এবং ৮.৩০ ইকোনমি রেটে তিনি শিকার করেছেন ৯৭ উইকেট। এর মধ্যে ছয়টি ম্যাচে নিয়েছেন চার উইকেট করে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে তার সেরা বোলিং ফিগার ৪ উইকেট ১৪ রানে।
আর পেসারদের মধ্যে এক বছরে ৮০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের জেসন হোল্ডার ও তার স্বদেশি ডোয়াইন ব্রাভোর। ব্রাভো ২০১৬ সালে ৭১ ইনিংসে নিয়েছিলেন ৮৭ উইকেট।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হোল্ডার।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৮৪৬ রান। গড় ২৪.১৭ হলেও ১৫৯.৯২ স্ট্রাইকরেট ছিল তার ক্যারিয়ারের এক বছরের সেরা।
২০২৫ সালে হোল্ডার খেলেছেন ছয়টি দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ, আবুধাবি নাইট রাইডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, খুলনা টাইগার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।











































