সংগৃহীত ছবি
গ্রিসের মনোরম পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। বিয়ের আনুষ্ঠানিকতার আগে গতকাল ১০ নভেম্বর তামিল ঐতিহ্য মেনে বাগদান সম্পন্ন করেছেন এই যুগল।বুধবার (১১ নভেম্বর) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গ্রিসে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জাঁকজমকের পরিবর্তে ঘনিষ্ঠ পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন অনিরুদ্ধ ও কাব্য। বাগদানেও অনুসরণ করা হয়েছে তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী রীতি। ‘নিচ্চয়তার্থম’ নামে পরিচিত এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের আগে একে অপরের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন তারা।
বিয়ের ভোজের আয়োজনের দায়িত্বে রয়েছেন পরিচিত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান আরাসুভাই নটরাজন। তারকাদের বিয়ে ও বিশেষ আয়োজনের খাবার পরিবেশনের জন্য প্রতিষ্ঠানটি বেশ পরিচিত।
কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে।অন্যদিকে অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘ভেলাইয়িলা পাত্তাধরি’, ‘কাথথি’, ‘পেট্টা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’, ‘লিও’, ‘ভেট্টাইয়ান’, ‘কুলি’ ও ‘জানা নায়াগান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।
গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। গত অক্টোবরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনার তারিখ নিশ্চিত করা হয়। কাব্যর বাবা কালানিধি মারান ও মা কাবেরী মারান ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের আমন্ত্রণপত্রও নজর কেড়েছে। আইভরি ও হালকা নীল রঙের বিশেষ বাক্সে তৈরি এই আমন্ত্রণপত্রের নকশায় নিজেরাও যুক্ত ছিলেন বর-কনে।
বিয়ের আয়োজনে যোগ দিতে এরই মধ্যে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাই বিমানবন্দরে তাদের দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
অন্যদিকে, চেন্নাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়সহ চলচ্চিত্র, রাজনীতি ও ক্রীড়াঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানটিও পরিণত হতে যাচ্ছে তারকাদের মিলনমেলায়।










































