প্রতিপক্ষের হেডব্যান্ড পরে নেইমার বললেন, ‘আমরা মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু’

নেইমার ও মেম্ফিস ডিপাই। ছবি: সংগৃহীত

মাঠে তারা প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে বন্ধুত্বের সম্পর্কটা এখনো অটুট। সেই সম্পর্কেরই আরেকটি দৃষ্টান্ত দেখা গেল কাল রাতে ব্রাজিলের শীর্ষ লিগে করিন্থিয়ান্স ও সান্তোসের ম্যাচে।

করিন্থিয়ান্সের ডাচ তারকা মেম্ফিস ডিপাইয়ের কাছ থেকে তার হেডব্যান্ড চেয়ে নেন নেইমার। সেটিই মাথায় পরে খেলেন সান্তোসের অধিনায়ক।

ম্যাচ শেষে নেইমার জানান, হেডব্যান্ডটি তিনি ডিপাইকে সম্মান জানাতেই ব্যবহার করেছেন।

নেইমারের ভাষায়, ‘এটা মেম্ফিসের জন্যই।গত বছর সে আমাকে যে হেডব্যান্ড উপহার দিয়েছিল, সেটির কথা ভুলেই গিয়েছিলাম। এবার তার কাছে আরেকটি (হেডব্যান্ড) চেয়েছি। মৌসুমের বাকি সময় আমি এটি পরেই খেলব।’

এরপর ডিপাইয়ের সঙ্গে তার সম্পর্কটাও পরিষ্কার করে দিয়েছেন নেইমার।বলেছেন, ‘আমরা মাঠে একে-অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে বন্ধু।’

করিন্থিয়ান্সের মাঠ নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে নেইমারই শেষ হাসি হেসেছেন। তার দল সান্তোস জিতেছে ১-০ ব্যবধানে। জয়সূচক একমাত্র গোলে নেইমারেরও অবদান আছে।

ম্যাচের ৩৩ মিনিটে নেইমারের নেওয়া ফ্রি-কিকে বল পোস্টে লেগে ফিরে আসে।ফিরতি বলে সহজেই বল জালে জড়ান ক্রিস্টিয়ান অলিভা। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 

নেইমার ও ডিপাইয়ের বন্ধুত্ব বেশ পুরোনো। ফুটবল মাঠে দুই তারকা ভিন্ন দলের হয়ে লড়াই করলেও ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব পড়েনি। বরং প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একে-অপরের প্রতি সম্মান দেখানোর উদাহরণ হয়ে উঠেছেন তারা। তাদের মধ্যে নিয়মিতই ফোনে যোগাযোগ হয়।

বার্সেলোনা, পিএসজি, আল হিলাল হয়ে গত বছর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে এ বছরের শেষ দিন পর্যন্ত। তত দিন পর্যন্ত ডিপাইয়ের দেওয়া হেডব্যান্ড পরে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

ডিপাই আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে যোগ দেন ২০২৪ সালে। 

LEAVE A REPLY