গ্রাহকদের জন্য উন্নত ও দ্রুতগতির ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
রবিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কার্যক্রম, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবার ব্যবহার আরও সহজ ও কার্যকর হবে।
নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।
এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।
একইসঙ্গে ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।
বিটিসিএলের মতে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিবে।










































