বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তে নিজের অবস্থান জানালেন শরিফুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ ভেন্যু পরিবর্তনে অনড় থাকায়, বিশ্বকাপে বাংলাদেশের খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

এমন প্রেক্ষাপটে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

শরিফুল বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না—এটা পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা খেলোয়াড়রা সবসময় চিন্তা করি কিভাবে ভালো করব এবং নিজেদের সেরাটা দেব।’

বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলেও বোর্ডের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাঁ-হাতি এই পেসার আরো বলেন, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি।উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। এখন কী হবে না হবে, সেটা নিয়ে বেশি কিছু বলাই ভালো না।’

এদিকে সদ্য শেষ হওয়া বিপিএল ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলতে নেমে তিনি এবারের আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেন, যা বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড।এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড।

ব্যক্তিগত সাফল্য এলেও ফাইনালে হারের কারণে কিছুটা হতাশ শরিফুল। তবে টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

LEAVE A REPLY