ব্রাজিল ও বার্সেলোনার জার্সিতে রাফিনিয়া। ছবি: সংগৃহীত
ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেই চোটে পড়া রাফিনিয়ার জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বারবার চোটে পড়ায় এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা।তাই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের সঙ্গে সমঝোতা করেছে কাতালান ক্লাবটি। দুই পক্ষ মিলে ঠিক করেছে, রাফিনিয়ার খেলার সময় সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হবে যেন তিনি সুস্থ অবস্থায় বার্সায় ফিরতে পারেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও বার্সেলোনা রাফিনিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার খেলার সময় ব্যবস্থাপনায় সমন্বয় করছে। এ মাসে ব্রাজিলের হয়ে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রাফিনিয়ার।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডান ঊরুর পেছনের পেশিতে অস্বস্তি অনুভব করে বিরতির সময় মাঠ ছাড়েন রাফিনিয়া। পরে পরীক্ষায় পেশিতে সামান্য ফোলাভাব ধরা পড়ে। ফলে জাতীয় দল থেকে ফিরে বার্সেলোনায় পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাকে।
বিষয়টি নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা হয়েছে রাফিনিয়ার।তারকা এই ফরোয়ার্ড বলেছেন, ‘আনচেলত্তি জানেন, তাকে আমার খেলার সময় নিয়ন্ত্রণ করতে হবে। চোট পেলে ব্রাজিলের জন্যও তা কঠিন হবে। আমরা এ নিয়ে কথা বলেছি। আমি ভালো আছি, তবে এখনো শতভাগ ফিট নই।’
বার্সেলোনার চাওয়া, এবার যেন আর কোনো অঘটন না ঘটে।তবে দুই ম্যাচে ঠিক কত মিনিট খেলবেন রাফিনিয়া, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি।
আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল।










































