চীনের শান্তি রক্ষার দাবিকে ‘ভণ্ডামি’ বললেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী

ছবিসূত্র : রয়টার্স

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি চীনকে ‘আসল হুমকি’ এবং তাদের শান্তি রক্ষার দাবিকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘কিছু দেশ তাইওয়ানকে চীন থেকে আলাদা করার চেষ্টা করছে।’ তিনি উত্তেজনার জন্য জাপানকে দায়ী করেন এবং জাতিসংঘের শান্তি নীতিমালা মেনে চলার ওপর জোর দেন।

এর প্রতিবাদেই রবিবার পাল্টা বিবৃতি দেয় তাইওয়ান।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন বলেন, ঐতিহাসিক বা আন্তর্জাতিক আইন—কোনোভাবেই তাইওয়ান কখনোই চীনের অংশ ছিল না। তাইওয়ানের ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে।

লিন অভিযোগ করেন, একদিকে চীন জাতিসংঘের সনদের কথা বলে, অন্যদিকে তারাই তাইওয়ানের চারপাশে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যুদ্ধের হুমকি দিচ্ছে।তিনি একে চীনের আধিপত্যবাদী মানসিকতা হিসেবে বর্ণনা করেন।

চীন দাবি করে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দিয়েছিল। তবে তাইওয়ানের দাবি, তখন চীন প্রজাতন্ত্র ছিল, বর্তমানের গণপ্রজাতন্ত্রী চীন নয়। তাই বেইজিংয়ের কোনো সার্বভৌমত্বের অধিকার নেই।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY