ভারতে ২২২৭ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন

ভারতের প্রতিরক্ষা খাতে ২২২৭ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি)। সোমবার (২৬ অক্টোবর) ২ লাখ ১২ হাজার কোটি রুপি বা প্রায় ২২ দশমিক ২৭ বিলিয়ন ডলারের এসব সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

অনুমোদিত সরঞ্জামের তালিকায় রয়েছে অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, নজরদারি ও আঘাত হানার সরঞ্জাম এবং দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

ভারতের সেনাবাহিনীর জন্য উচ্চ গতিশীলতার যান (হাই মোবিলিটি ভেহিকল), স্বচালিত ট্র্যাকড গান সিস্টেম, গোলাগুলির উৎস শনাক্তকরণ ব্যবস্থা এবং হালকা বহুমুখী হেলিকপ্টার কেনার প্রস্তাব রয়েছে।এসব সরঞ্জাম সেনাদের চলাচল, রসদ পরিবহন, গোলাবর্ষণ এবং শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার কাজে ব্যবহার করা হবে।

এ ছাড়া সেনাবাহিনীর জন্য সমন্বিত নজরদারি ও আঘাত হানার ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে। কামিকাজে ড্রোন একধরনের আত্মঘাতী ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় নিজেই ধ্বংস হয়ে যায়।

নৌবাহিনীর জন্য জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে যুদ্ধজাহাজকে সুরক্ষা দিতে অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।এ ছাড়া আধুনিক নৌযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, বিমানবাহিনীর জন্য হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অস্ত্র কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি আবহাওয়ার তথ্য সংগ্রহ ও নজরদারির সক্ষমতা বাড়াতে মোবাইল এক্স-ব্যান্ড ডপলার আবহাওয়া রাডার কেনার প্রস্তাবও রয়েছে।

LEAVE A REPLY