যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে পাল্টা হামলার হুমকি আইআরজিসির

সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি এ হুমকি দেয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে এসব প্রতিষ্ঠানকে টার্গেট করা হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব বিশ্ববিদ্যালয় থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে রাজধানীর এই বিশ্ববিদ্যালয়কে যৌথ হামলার লক্ষ্য করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে সে সময় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

রবিবার (২৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে অভিযান চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি।

LEAVE A REPLY