সংগৃহীত ছবি
সরকারি পর্যায়ে (জি-টু-জি) আমদানির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে ‘নগদ ক্রয় চুক্তি নম্বর ৩’-এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স ২’ নামক জাহাজটি গম নিয়ে আসার পর ইতিমধ্যে সেটির নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে গম খালাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাহাজে থাকা মোট গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। এর আগে, একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে এসেছিল।
পরিসংখ্যান অনুযায়ী, জি-টু-জি ০১ চুক্তির অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি-টু-জি ০২ চুক্তির অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ টনসহ এ পর্যন্ত সর্বমোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে।
আমদানিকৃত এই চালানের ফলে জাতীয় খাদ্য মজুদ আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে দেশে স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টনের মতো। চাহিদার বড় একটি অংশ পূরণের জন্য প্রতি বছরই সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে বিপুল পরিমাণ গম আমদানি করতে হয়।









































