চাইনিজ তাইপেকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুর চার মিনিটে তাইপের চি হুসান ফিল্ড গোল করে লিড এনে দেন দলকে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশ ১-১ সমতা ফেরে।

দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ মিনিট পর আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ৩-১ লিড এনে দেন। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তৃতীয় কোয়ার্টার ৩-১ স্কোরলাইনে শেষ হয়।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে ছিল চরম নাটকীয়তা। চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে। বাংলাদেশ সেই চাপ সামলে উল্টো ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। ঐ মিনিটেই তাইপের চি হুসান গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করে।

১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। শেষ ৫০ সেকেন্ড অতি সতর্কতায় ৪-৩ কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন। সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। 

এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

LEAVE A REPLY