ছবি : এশিয়ান হকি ফেডারেশন
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি চূড়ান্ত পর্বের টিকিটও প্রায় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি দলটি। উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে এখন অপেক্ষা আরো দীর্ঘ হলো লাল-সবুজদের।
ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় উজবেকিস্তান। মিরনশোখ ওর্তিকবোয়েভের সেই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
এরপর পুরো ম্যাচজুড়েই গোল শোধের জন্য একের পর এক আক্রমণ চালায় আশিকুজ্জামানের শিষ্যরা। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করে হতাশ করে দলটি।
বিশেষ করে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও একটিকেও গোলে রূপ দিতে না পারা ছিল বড় আক্ষেপ।
শেষ পর্যন্ত ম্যাচের ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান আমিরুল ইসলাম। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এই ড্রয়ের ফলে দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৪।
তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেছে উজবেকিস্তান। ফলে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
তবে আশা এখনো বেঁচে আছে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার। ৯ দলের এই বাছাইপর্ব থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। সেই হিসেবে পঞ্চম বা ষষ্ঠ হলেও এশিয়ান গেমসের মূল আসরে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
আগামী ১০ এপ্রিল শেষ হবে বাছাইপর্ব। সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।











































