সাত দিনে ‘দৃশ্যম ৩’-এর আয় ৩৮৩ কোটি

সংগৃহীত ছবি

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। রহস্য আর টানটান উত্তেজনায় ভরা সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে।মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৮৩ কোটি রুপি।

বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগনের অভিনয় এবং রহস্যে ঘেরা গল্প দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। বিশেষ করে প্রতিটি ঘটনার পেছনের রহস্য উন্মোচনের টানটান লড়াই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।পর্দায় দুই অভিনেতার অভিনয় ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দর্শক-সমালোচকদের নজর কেড়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। প্রথম দিনেই সিনেমাটি ৬২ কোটি রুপি আয় করে বলে দাবি করা হয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহেও বক্স অফিসে এর দাপট অব্যাহত রয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে ১৫ হাজার ৭৫৮টি প্রদর্শনী থেকে ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে দেশটিতে এর মোট আয় দাঁড়িয়েছে ২৯৪ কোটি ৬০ লাখ রুপি। এর মধ্যে নিট আয় ২৪৫ কোটি ৫০ লাখ রুপি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। সপ্তম দিনে বিদেশের বাজার থেকে এসেছে ৪ কোটি রুপি।সব মিলিয়ে বিদেশে সিনেমাটির মোট আয় ৮৯ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি।

প্রথম সপ্তাহের এই সাফল্যে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্ত করেছে ‘দৃশ্যম ৩’। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহেও একই ধারায় ব্যবসা ধরে রাখতে পারে কি না অজয় দেবগনের এই সিনেমা।

LEAVE A REPLY