শুটিংয়ের উপযুক্ত কাপড় ছিল না, আরশের জন্য পোশাক এনে দিয়েছিলেন তৌসিফ!

সংগৃহীত ছবি

অভিনয়ের বাইরে মানবিক গুণের জন্য বরাবরই পরিচিত জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার সঙ্গে কাজ করা অনেক তরুণ অভিনেতাই বিভিন্ন সময়ে প্রশংসা করেছেন এই অভিনেতার সহযোগিতাপূর্ণ ও সহজ-সরল স্বভাবের।এবার তৌসিফের এমনই এক মানবিক দিকের কথা তুলে ধরলেন তরুণ অভিনেতা আরশ খান।

ক্যারিয়ারের শুরুর দিকে তৌসিফ কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই স্মৃতি শেয়ার করেছেন আরশ। শুটিংয়ে তার আনা পোশাক পরিচালকের পছন্দ না হওয়ায় নিজের বাসা থেকে বেশ কয়েকটি পোশাক এনে দিয়েছিলেন তৌসিফ। দীর্ঘদিন আগের সেই ঘটনা মনে করে এবার সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরশ।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের একটি কাজের স্মৃতিচারণা করেন এই অভিনেতা। আরশ জানান, তার দ্বিতীয় কাজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। দ্বিতীয় প্রধান চরিত্রে ছিলেন তিনি নিজে। সেই কাজটিতে আরও অভিনয় করেছিলেন সাফা কবির।

সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে আরশ বলেন, ‘আমি তখন একদমই নতুন। শুটিংয়ের জন্য বাসা থেকে কতগুলো কাপড়-চোপড় নিয়ে এসেছিলাম কিন্তু সেগুলোর কোনোটিই এত সুন্দর ছিল না, ক্যামেরার সামনে ভালো দেখাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে তৌসিফ ভাই নিজে বাসায় গিয়ে আমার জন্য অনেকগুলো পোশাক নিয়ে আসেন। সেদিন যে পাঞ্জাবি, স্যুট ও শার্ট পরেছিলাম, সেগুলোর সবই ছিল উনার।’

তবে তৌসিফের কাছ থেকে এমন সহযোগিতা পাওয়ার পরও তখন তাকে ধন্যবাদ জানানো হয়নি বলে জানান আরশ।তার মনে হয়েছিল, সে সময় কৃতজ্ঞতা প্রকাশ করলে তৌসিফের জীবনে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করার চেষ্টা করছেন—এমন ধারণা তৈরি হতে পারে।

কিন্তু সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন আরশ মনে করেন, ক্যারিয়ারের শুরুর দিকে পাওয়া সহযোগিতার জন্য তৌসিফকে ধন্যবাদ জানানো উচিত ছিল। সেই উপলব্ধি থেকেই এত দিন পর সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

LEAVE A REPLY