১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা

সংগৃহীত ছবি

ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গত ১৩ দিন ধরে হাসপাতালে রয়েছেন তিনি।তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।

সোমবার খালেদা আক্তার কল্পনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো ও আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তারা অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ইমরান হাসো জানান, ভাইরাসজনিত সমস্যায় তার পুরো শরীর আক্রান্ত হয়েছিল।এমনকি চার-পাঁচ দিন কথা বলতেও পারছিলেন না এই অভিনেত্রী। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা।

সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ শিল্পী হিসেবে।

বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে নাটকে দেখা যায় তাকে। সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY