সংগৃহীত ছবি
বলিউড তারকা সালমান খানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। প্রিয় নায়কের সঙ্গে দেখা হওয়ার পর তার হাত ধরে ছিলেন দীর্ঘ সময়।এমনকি বাড়ি ফিরে সেই হাত সাত দিন ধোননি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। সম্প্রতি সালমানের সঙ্গে দেখা হওয়ার সেই মজার স্মৃতি ভাগাভাগি করেছেন তিনি।
শৈশব থেকেই সালমান খানের ভক্ত চাঁদনী। প্রিয় তারকার ছবি ঘরের দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতেন তিনি।বিভিন্ন সাক্ষাৎকারেও সালমানের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সালমানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন চাঁদনী। ছবির সঙ্গে লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে। যারা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন, ‘চাপা’, এই ছবি তাদের জন্য।’
সালমানের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণা করে চাঁদনী জানান, ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল এই বলিউড তারকার। খবরটি শুনেই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন, কোনো একটি কারণে অনুষ্ঠানটি আর হচ্ছে না। এতে ভীষণ মন খারাপ হয়েছিল তাঁর।
এরপর প্রিয় নায়কের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে থাকেন চাঁদনী।একপর্যায়ে জানতে পারেন, সালমান খান বাংলাদেশে এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। বর্তমানে হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম ও ফটোগ্রাফার মহসিন ভাইকে নিয়ে হোটেলে চলে যান চাঁদনী। প্রথমে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা উপায়ে সেই সুযোগ তৈরি করেন। একপর্যায়ে সালমানের কক্ষের ঠিকানা পেয়ে যান তারা।

সেই অভিজ্ঞতা জানিয়ে চাঁদনী বলেন, ‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই।’
তখন স্কুলে পড়তেন চাঁদনী। সালমানের কাছে নিজের নাম ও পরিচয় তুলে ধরে ছবি তোলার কথা জানান। সেই সময় প্রিয় তারকার হাত ধরে থাকার স্মৃতিও আজও অমলিন তার কাছে।
চাঁদনী বলেন, ‘আমি সেদিন সালমান খানের হাত ধরে ছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরে ছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’
সালমানের সেই আচরণ ও চাহনি এখনও মনে গেঁথে আছে চাঁদনীর। তার ভাষায়, ‘এ লেখা আর তার জিজ্ঞাসা করার সময়টা এখনও আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনও আমার মনে আছে।’
প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর হাত না ধোয়ার ঘটনাটি বলতে গিয়ে হেসে ফেলেন চাঁদনী। তিনি বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাকে এতটাই পছন্দ করতাম যে আমার বাসায়, আমার রুমের অনেক স্থানে তার ছবি টাঙিয়ে রাখতাম। বাচ্চাকালে কত কিছু করেছি।’
১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখেই তার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল বলে জানান চাঁদনী। সেই ভালো লাগা থেকেই একসময় প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছিলেন তিনি। আর সেই সাক্ষাতের স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে আছে।










































