আইপিএলকে টপকে ‘বিশ্বের এক নম্বর’ লিগ হবে পিএসএল : নাকভি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদ ব্যক্ত করেছেন যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একদিন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পরিণত হবে। তিনি মনে করেন, জনপ্রিয়তা ও বিনিয়োগের দিক থেকে দ্রুত এগিয়ে চলেছে এই টুর্নামেন্ট।

পিসিবির বোর্ড অব গভর্নরসের এক বৈঠকে নাকভি বলেন, ‘পিএসএল এখন বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম। খুব বেশি দেরি নেই, যখন এটি বিশ্বের এক নম্বর লিগ হবে।

’ 

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পিএসএল ২০২৬ মৌসুম চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সঙ্গে একই সময়ে।

তবে বাস্তবতা বলছে, আর্থিক শক্তি ও পরিসরের দিক থেকে এখনো আইপিএল অনেক এগিয়ে। আইপিএলের মিডিয়া স্বত্বের মূল্য ৬ বিলিয়ন ডলারের বেশি, যেখানে পিএসএলের প্রায় ৯৩ মিলিয়ন ডলার। আয়-ব্যয়ের ব্যবধানও বিশাল, আইপিএলের বার্ষিক আয় ১ বিলিয়ন ডলারের বেশি, আর পিএসএলের আয় প্রায় ৫০-৬০ মিলিয়ন ডলার।

চলতি মৌসুমে পিএসএলকে কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়েছে। জ্বালানি সংকটের কারণে টুর্নামেন্টটি সীমিত ভেন্যুতে এবং দর্শকশূন্য অবস্থায় আয়োজন করতে হচ্ছে। অন্যদিকে আইপিএল চলছে জমজমাট পরিবেশে, দেশের বিভিন্ন স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে।

তবু নাকভি বিশ্বাস করেন, বিনিয়োগকারীদের আগ্রহ এবং ফ্র্যাঞ্চাইজি নিলামে ইতিবাচক সাড়া পিএসএলের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করছে।

তার মতে, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে পিএসএল একসময় আইপিএলকে টক্কর দিয়ে বিশ্বসেরা লিগের জায়গা দখল করতে পারবে।

LEAVE A REPLY