উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

ফাইল ছবি : রয়টার্স

দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের উইম্বলডন খেলা হচ্ছে না। কবজির চোটের কারণে এবারের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা।

গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডেই ডান কবজিতে চোট পান বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা এই টেনিস তারকা। এরপর পুনরুদ্ধারের জন্য ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান তিনি। রোলাঁ গারোঁতে তিনি ছিলেন টানা দুইবারের শিরোপাধারী।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আলকারাজ বলেন, ‘আমার সেরে ওঠা ভালোভাবে এগোচ্ছে এবং আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো প্রতিযোগিতায় ফেরার মতো প্রস্তুত নই। এ কারণেই কুইন্স এবং উইম্বলডনের ঘাসের কোর্ট থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই দুটি টুর্নামেন্ট আমার জন্য ভীষণ বিশেষ। খেলতে না পারাটা খুব কষ্ট দিচ্ছে।যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য আমরা কাজ চালিয়ে যাব।’

গত বছর উইম্বলডনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিলেন আলকারাজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির ইয়ানিক সিনারের কাছে হেরে যান তিনি।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিলেন আলকারাজ। এরপর ২০২৬ মৌসুমে আরো বড় সাফল্যের আশা ছিল তার।কিন্তু চোটের কারণে এখন পুরো ঘাসের কোর্ট মৌসুমের পাশাপাশি ক্লে কোর্টের বড় অংশও মিস করতে হচ্ছে তাকে।

উইম্বলডনের আগে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল আলকারাজের। সেখানে তিনি দুইবারের চ্যাম্পিয়নও। কিন্তু শেষ পর্যন্ত আর কোর্টে নামা হচ্ছে না তার।

এই অনুপস্থিতিতে র‌্যাংকিংয়ে আরো পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে আলকারাজের সামনে। গত মাসে তাকে সরিয়ে বিশ্বের এক নম্বর হয়েছেন ইতালির ইয়ানিক সিনার। টানা ছয়টি মাস্টার্স ১০০০ শিরোপা জেতা সিনার গত কয়েক সপ্তাহ ধরেই দুর্দান্ত ছন্দে আছেন।

পুরুষদের সর্বশেষ নয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ভাগাভাগি করেছেন আলকারাজ ও সিনার। এর মধ্যে পাঁচটি জিতেছেন স্প্যানিশ তারকা। তবে উইম্বলডনে আলকারাজ না থাকায় এবার শিরোপার দৌড়ে বড় সুবিধা পাচ্ছেন সিনার। যদিও ইতালিয়ান তারকাও জানিয়েছেন, ক্লান্তিকর কয়েক মাস কাটানোর পর উইম্বলডনের আগে আর কোনো ঘাসের কোর্ট টুর্নামেন্ট খেলবেন না তিনি।

টেনিসে কবজির চোটকে সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হিসেবে ধরা হয়। সঠিকভাবে পরিচর্যা না করলে ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলতে পারে। এ কারণেই ভবিষ্যতের কথা ভেবে ঝুঁকি নিতে চাননি আলকারাজ।

এপ্রিল মাসে লরিয়াস অ্যাওয়ার্ডসে তিনি বলেছিলেন, ‘আমার সামনে এখনো অনেক দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। রোলাঁ গারোঁ খেলতে জোর করলে ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারত।’

এর আগে কবজির চোটেই ক্যারিয়ার থেমে যায় সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমের। একই সমস্যায় দীর্ঘ সময় ভুগেছেন ২০০৯ ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোর্তোও। 

LEAVE A REPLY