ছবি: রয়টার্স
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির উদ্যোগ ইসরায়েল ও লেবানন—দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার একটি স্বাভাবিক পথ তৈরি করতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
ব্রিটেনের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতেও তিনি বিষয়টি তুলে ধরেন। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আউন বলেন, লেবানন দক্ষিণাঞ্চলসহ পুরো দেশে উত্তেজনা কমাতে চায়। যাতে সাধারণ মানুষ আর কোনো হামলার লক্ষ্য না হন। যাতে গ্রাম ও শহরের ঘরবাড়ি ধ্বংস না হয়।
তিনি আরো বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো আলোচনা শুধুমাত্র লেবাননের সরকারি কর্তৃপক্ষের মাধ্যমেই হবে, যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।
তিনি দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে ইসরায়েলি বাহিনীকে লেবাননের এলাকা থেকে সরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত আবার মোতায়েন করতে হবে। এর ফলে সীমান্ত এলাকাগুলোতে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী বা বাহিনীর উপস্থিতি থাকবে না। অর্থাৎ, পুরো এলাকা শুধুমাত্র সরকারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে










































