ছবি : রয়টার্স
রিয়াল মাদ্রিদের ‘ত্রাতা’ হয়ে ফিরতে চান জোসে মরিনহো। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ইতিমধ্যেই আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পর্তুগিজ এই কোচ।
ক্লাব সূত্রের বরাতে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো জানিয়েছেন, চারটি বিষয় নিয়ে মরিনহো ও রিয়াল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
এর মধ্যে দলে কোন খেলোয়াড়দের রাখা হবে তার নিয়ন্ত্রণ দিতে হবে ‘স্পেশাল ওয়ান’কে। একই সঙ্গে কাদের বিক্রি করা হতে পারে, নতুন মৌসুমে কী ধরনের বিনিয়োগ হবে এবং কোচ হিসেবে কতটা ক্ষমতা পাবেন—এ চার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের।
সাম্প্রতিক সময়ে রিয়ালের ড্রেসিংরুমে অস্থিরতা, খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব এবং ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সে ক্লাবটি কঠিন সময় পার করছে।তবে এমন পরিস্থিতিতেও মরিনহো নিজেকে প্রস্তুত মনে করছেন। তার বিশ্বাস, কঠিন এই সময় থেকে দলকে টেনে তুলতে পারবেন তিনিই।
রিয়াল মাদ্রিদে মরিনহোর প্রথম অধ্যায় ছিল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। সেই সময় একটি লা লিগাসহ ২টি শিরোপা জিতে দলটির প্রতিযোগিতামূলক মান ও মানসিকতা বদলে দেন তিনি।পরবর্তী সময়ে সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই রিয়াল একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জেতে বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক।
এখন আবারও বার্নাব্যুতে ফিরতে পারেন ‘দ্য স্পেশাল ওয়ান’। ফুটবল দুনিয়ায় জোর গুঞ্জন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মরিনহোর প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।











































