সংগৃহীত ছবি
বিশ্বকাপকে সামনে রেখে দারুণ শক্তিশালী দল গড়েছে পর্তুগাল। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে সাজানো এই স্কোয়াডকে এবার শিরোপার অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে।
বিশেষ করে কয়েকজন তারকার দিকে বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের। কারণ তাদের পারফরম্যান্সই পর্তুগালের ভাগ্য গড়ে দিতে পারে বিশ্বকাপে।
সবচেয়ে বড় নাম অবশ্যই ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও দলের প্রাণভোমরা তিনি।এটি হতে যাচ্ছে তার ষষ্ঠ বিশ্বকাপ। অভিজ্ঞতা, নেতৃত্ব আর গোল করার ক্ষমতা এখনো পর্তুগালের বড় ভরসা।
মিডফিল্ডে বড় ভূমিকা রাখতে পারেন ব্রুনো ফার্নান্দেজ। আক্রমণ তৈরি, দূরপাল্লার শট আর ম্যাচ নিয়ন্ত্রণে তার দক্ষতা পর্তুগালকে বাড়তি শক্তি দেবে।
এছাড়া বার্নার্দো সিলভার সৃজনশীল ফুটবলও হতে পারে দলের অন্যতম বড় অস্ত্র। ছোট ছোট পাস আর বল নিয়ন্ত্রণে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।
নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে ভিতিনিয়া ও জোয়াও নেভেসর দিকে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপে আসছেন তারা।
ডিফেন্সে পর্তুগালের বড় ভরসা হতে পারেন জোয়াও ক্যানসেলো ও নুনো মেন্ডেস।আক্রমণ ও রক্ষণ—দুই জায়গাতেই তাদের অবদান গুরুত্বপূর্ণ হবে।
আর সামনে সুযোগ পেলে চমক দেখাতে পারেন জোয়াও ফেলিক্সও। প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, এখন দরকার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা।
সব মিলিয়ে তারকায় ভরা স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে পর্তুগাল।











































