হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, কোথায় ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছুড়লে পাল্টা গুলি চালান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।এ ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। গোলাগুলির মধ্যে পড়ে আহত হন এক পথচারী।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে যখন এমন গুলির ঘটনা ঘটে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিক্রেট সার্ভিসের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু পরে ১৭ নম্বর স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে যায় ওই সন্দেহভাজন ব্যক্তি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সে তার ব্যাগে অস্ত্র লুকিয়ে এনেছিল। চেকপয়েন্টের কাছাকাছি পৌঁছেই সে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। হামলার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা পাল্টা গুলি চালান।এতে বন্দুকধারী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নিকটবর্তী জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউজ এলাকায় জরুরি ‘লকডাউন’ জারি করা হয়। তবে সিক্রেট সার্ভিসের কোনো কর্মী এই ঘটনায় আহত হননি। গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন।তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পুলিশের পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে ৪ মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত ও পরে আটক হন।

গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। ওই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY