ছবি : রয়টার্স
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের ষষ্ঠ মিনিটের গোলটি ছিল পিএসজির জন্য সবচেয়ে কঠিন ধাক্কা বলে মনে করেন কোচ লুইস এনরিকে। তবে সেই ধাক্কা সামলে উঠে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট ধরে রাখেন ফরাসি জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ছয় মিনিটে কাই হাভার্টজ একক প্রচেষ্টায় গোল করে লন্ডনের ক্লাবটিকে স্বপ্নের সূচনা এনে দেন। হঠাৎ পাওয়া সেই গোলের পর পিএসজিকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ আর্সেনাল রক্ষণভাগের বিরুদ্ধে।
দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি।এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় প্যারিসের ক্লাবটি।
ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘ম্যাচটা তাদের জন্য আদর্শভাবেই শুরু হয়েছিল। তারা ভাগ্যের সুবিধায় প্রথম দিকেই গোল পেয়ে যায়।এরপর আমাদের জন্য কাজটা আরো কঠিন হয়ে পড়ে, কারণ আর্সেনাল জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’
তিনি আরো বলেন, ‘ওদের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। আমরা সাধারণত অনেক খেলোয়াড় নিয়ে আক্রমণ করি, কিন্তু আর্সেনাল শারীরিকভাবে খুব শক্তিশালী দল। তারা প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। তবুও আমি মনে করি আমরা সমতায় ফেরার যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরে আমরা ভীষণ খুশি।’
এই জয়ের মাধ্যমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সালের পর) রিয়াল মাদ্রিদের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা দুবার শিরোপা জয়ের কীর্তি গড়ল।
এদিকে কোচ হিসেবে নিজের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ‘লিজেন্ড’ তকমা নিতে রাজি নন এনরিকে। তিনি বলেন, ‘লিজেন্ড? ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমার এখনো মাত্র তিনটি শিরোপা। তাই আরো উন্নতি করতে হবে। অবশ্যই আমি চতুর্থটাও জিততে চাই।’
তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে অনুভূতিগুলো মিশ্র। আনন্দ, ক্লান্তি সবকিছু একসঙ্গে কাজ করছে। কিন্তু মৌসুমের সেরা মুহূর্ত এটি। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’
অন্যদিকে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে এনরিকে ক্লাবেই থাকবেন। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্প্যানিশ এই কোচকে বিশ্বের সেরা কোচ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আল-খেলাইফি বলেন, ‘তিনি শুধু অসাধারণ কোচ নন, একজন দুর্দান্ত মানুষও। আমাদের প্রকল্পের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তরুণ একটি দল নিয়ে তিনি যা করেছেন, তা সত্যিই অসাধারণ।’








































