ইংল্যান্ডের ডেক্লান রাইস রিস জেমসকে উঠতে সাহায্য করছেন। ছবি : রয়টার্স
বিশ্বকাপের মহারণে আগামীকাল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। বোস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো।আগামী ১২ জুলাই নরওয়ের বিপক্ষে সেমিতে যাওয়া লক্ষ্যে মাঠে নামবে। নরওয়ের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ইংলিশদের সেরা রিস জেমসকে পাওয়ার আশা থ্রি লায়ন্স শিবিরের।
ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি চেলসির এই তারকা রাইট-ব্যাক। এমনকি শেষ ষোলোর নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচেও দলের বাইরে থাকতে হয়েছে তাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের ‘বিশ্বকাপের ইনজুরি ট্র্যাকার’ নিয়ে তৈরি এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসনে আছেন জেমস। তার এই অনুপস্থিতি ইংল্যান্ড শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ স্কোয়াডে থাকা তার বিকল্প রাইট-ব্যাকরাও বর্তমানে ইনজুরি সমস্যায় ভুগছেন। রক্ষণভাগের এই সংকট টমাস টুখেলের দলের জন্য বড় একটি ধাক্কা।
ইংল্যান্ড ম্যানেজার টমাস টুখেল আশা করছেন, শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে রিস জেমস খেলার জন্য ফিট হয়ে উঠবেন।
এদিকে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো, জেমসের চোটের উন্নতি হচ্ছে। আগামী শনিবার নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে জোরকদমে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। দলের মেডিকেল টিমও তাকে মাঠে ফেরাতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে থ্রি লায়ন্স শিবির।









































