ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও তিন থেকে চার মাস ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গাদি আইজেনকোটের কাছে হস্তান্তর করতে চান তিনি। জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার বৈঠকের আগে ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুই নেতার মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সরকার গঠন ও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহু কয়েক মাস ক্ষমতায় থাকার প্রস্তাব দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে চান তিনি।
তবে শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে এ শর্তের কথা উল্লেখ করেননি নেতানিয়াহু। ওই প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় প্রথমে আইজেনকোটকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি।
ইসরাইলের আরেক সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার যুক্তি দেখিয়ে অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান নেতানিয়াহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি দায়িত্ব ছাড়তে রাজি হতে পারেন। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছেন আইজেনকোট।
দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান থেকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে—এমন যুক্তি দেখিয়ে আইজেনকোটের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ পিছিয়ে দিতে পারেন নেতানিয়াহু।
জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দুই নেতা রোববার বৈঠকে বসতে সম্মত হয়েছেন। এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইজেনকোট। তাঁর অভিযোগ, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে।
এদিকে লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করা হবে, তা নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটের মধ্যেই মতবিরোধ রয়েছে।
ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে, আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন।
সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।










































