২৬ বছরের পুরনো বিশ্বরেকর্ড ‘ভেঙে চুরমার’ করলেন ওয়ানইয়োনি!

ছবি : রয়টার্স

ট্র্যাকে ঝড় তুলে ২৬ বছর ধরে অক্ষত থাকা পুরুষদের ১০০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ইমানুয়েল ওয়ানইয়োনি। গত শুক্রবার ডায়মন্ড লিগের মোনাকো লেগে এই কীর্তি গড়েন ২১ বছর বয়সী এই কেনিয়ান অ্যাথলেট।ইভেন্টে নিজের অভিষেক রাঙিয়ে বিশ্বমঞ্চে ইতিহাস লিখলেন ওয়ানইয়োনি।

মোনাকোর স্তাদ লুই দো স্টেডিয়ামে ওয়ানইয়োনিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিলেন গ্রেট ব্রিটেনের ৩১ বছর বয়সী জেকে ওয়াইটম্যান। তবে শেষ পর্যন্ত কেনিয়ান তারকার গতির কাছে তাকে হার মানতে হয়। ওয়ানইয়োনি ২ মিনিট ১১.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।বর্তমান অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন এই অ্যাথলেট মূলত ৮০০ মিটারের কিংবদন্তি। ১০০০ মিটারের নতুন রেকর্ড গড়তে গিয়ে তিনি তারই স্বদেশি নোয়া এনগেনির ১৯৯৯ সালের গড়া রেকর্ডের চেয়ে ০.১৩ সেকেন্ড কম সময় নিয়েছেন।

এদিকে ওয়ানইয়োনিকে কঠিন চ্যালেঞ্জ জানানো ২০২২ সালের ১৫০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াইটম্যান ২ মিনিট ১২.৭৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এটি তার ক্যারিয়ারের সেরা টাইমিং, যা তাকে বিশ্ব অল-টাইম তালিকার পঞ্চম স্থানে তুলে এনেছে।এই রেসে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী আলজেরিয়ার জামেল সেদজাতি তৃতীয় এবং ব্রিটেনের বেন প্যাটিনসন পঞ্চম হয়েছেন।

ঐতিহাসিক এই জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ওয়ানইয়োনি বলেন, ‘বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি খুবই আনন্দিত।’ 

তবে ২০১২ লন্ডন অলিম্পিকে স্বদেশি ডেভিড রুডিশার গড়া ৮০০ মিটারের বিশ্বরেকর্ড ভাঙার কোনো তাড়াহুড়ো নেই তার। ওয়ানইয়োনি সাফ জানিয়ে দেন, ‘আমি ৮০০ মিটারের বিশ্বরেকর্ড নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। আগে নিজের টাইমিং আরো উন্নত করতে চাই।এখন চুপ থাকাই ভালো, মুখের কথার চেয়ে কাজই বেশি কথা বলবে।’

LEAVE A REPLY